ধলাই জেলা বিভক্তির দাবিতে কমলপুরে সাংবাদিক সম্মেলন, নতুন জেলা গঠনের দাবি

Jul 12, 2026

ধলাই জেলা বিভক্তির দাবিতে কমলপুরে সাংবাদিক সম্মেলন, নতুন জেলা গঠনের দাবি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃরাজ্যের সর্ববৃহৎ জেলা ধলাইকে প্রশাসনিক সুবিধার স্বার্থে বিভক্ত করে কমলপুরকে কেন্দ্র করে নতুন জেলা গঠনের দাবিতে জোরালো অবস্থান নিল ধলাই বিভক্তি আন্দোলন কমলপুর মঞ্চ। রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, দীর্ঘদিন ধরে ধলাই জেলার বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা ও বিপুল জনসংখ্যার কারণে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই মানুষের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর প্রশাসনিক পরিষেবা পৌঁছে দিতে নতুন জেলা গঠন এখন সময়ের অপরিহার্য দাবি।আন্দোলন মঞ্চের প্রস্তাব অনুযায়ী, কমলপুর, দুর্গাচৌমুহানি, সালেমা এবং লংতরাই ভ্যালি মহকুমার একটি অংশ নিয়ে পৃথক একটি নতুন জেলা গঠন করা হোক। তাদের বক্তব্য, নতুন জেলা বাস্তবায়িত হলে সরকারি বিভিন্ন দপ্তরের পরিষেবা আরও সহজলভ্য হবে এবং দূর-দূরান্তের মানুষকে ছোটখাটো সরকারি কাজের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না।সাংবাদিক সম্মেলনে উনারা আরও জানায়, ধলাই জেলার ভৌগোলিক বিস্তৃতি ও প্রশাসনিক চাপ বিবেচনায় এনে বহুদিন ধরেই এলাকার মানুষের মধ্যে পৃথক জেলার দাবি রয়েছে। সেই দাবিকে বাস্তব রূপ দিতেই এবার গণআন্দোলনকে আরও বৃহত্তর পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।উল্লেখ্য, পৃথক জেলা গঠনের এই দাবি ধলাই বিভক্তি আন্দোলন কমলপুর মঞ্চের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত জানানো হয়নি।