গ্রন্থাগারে যুবসমাজের ভিড়ই দেশের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি: অমিত শাহ

Jul 12, 2026

গ্রন্থাগারে যুবসমাজের ভিড়ই দেশের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি: অমিত শাহ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃদেশের যুবসমাজকে গ্রন্থাগারের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি বলেন, যে কোনও দেশের ভবিষ্যতের মূল্যায়ন তার অর্থনৈতিক সমৃদ্ধি দিয়ে নয়, বরং সে দেশের গ্রন্থাগারগুলিতে কত সংখ্যক তরুণ প্রজন্ম আসছে, তা দিয়ে বিচার করা উচিত। জ্ঞান এবং প্রজ্ঞাই হল রাষ্ট্র গঠনের আসল শক্তি, আর তার সবচেয়ে বড় উৎস হল এই গ্রন্থাগারগুলি।শনিবার নয়াদিল্লিতে 'জয়প্রকাশ নারায়ণ গণগ্রন্থাগার'-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের নামে উৎসর্গীকৃত এই গ্রন্থাগার দিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি। মহান স্বাধীনতা সংগ্রামী, চিন্তাবিদ তথা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী জয়প্রকাশ নারায়ণের জীবন দেশবাসীর জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।তিনি আরও উল্লেখ করেন, এক প্রখ্যাত চিন্তাবিদ বলেছিলেন—একটি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় তার গ্রন্থাগারগুলিতে যুবকদের ভিড় এবং তাদের পড়াশোনার আগ্রহ দেখে। কৃষি, শিল্প এবং বাজার কোনও দেশের অগ্রগতির সূচক হতে পারে, কিন্তু দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার আসল ভিত্তি হল জ্ঞান ও তার ব্যবহারিক প্রয়োগ, যা গ্রন্থাগার থেকেই লাভ করা সম্ভব।তরুণ প্রজন্মের কাছে বিশেষ আবেদন জানিয়ে অমিত শাহ বলেন, যুবসমাজ যদি নিয়মিত গ্রন্থাগারে আসে, তবে তাদের ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। যে কোনও বিষয়ে মন্তব্য করার আগে সেই বিষয়টি ভালো করে পড়া ও বোঝা উচিত, আর গ্রন্থাগারই সেই সুযোগ করে দেয়। লোকমুখে শোনা কথার ওপর ভরসা না করে, বইয়ে থাকা প্রামাণিক জ্ঞান অর্জনের ওপর জোর দেন তিনি।