খুঁটি পূজার মাধ্যমে ৪৭ তম শারদোৎসবের শুভ সূচনা করল ‘ইয়ুথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টার

Jul 24, 2026

খুঁটি পূজার মাধ্যমে ৪৭ তম শারদোৎসবের শুভ সূচনা করল ‘ইয়ুথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃশারদোৎসবের ঢাক বাজতে আর বেশি দেরি নেই! বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি। সেই আবহেই ধর্মীয় আচার ও রীতি মেনে ‘ইয়ুথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টার’ আয়োজন করল তাদের ৪৭ তম দুর্গাপূজার শুভ ‘খুঁটি পূজা’। বিশাল বাজেট, আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে এবারের উৎসবকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত ক্লাব কর্তৃপক্ষ।উৎসবের মরশুম শুরুর বার্তা নিয়ে ঢাকের আওয়াজ আর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সূচনা হলো ইয়ুথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টার-এর ৪৭ তম শারদোৎসবের। পরম নিষ্ঠার সাথে খুঁটি পূজার মধ্য দিয়ে মণ্ডপ নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু করল ক্লাব প্রাঙ্গণে।এবারের পুজো ঘিরে এলাকাবাসীর মধ্যে উন্মাদনা তুঙ্গে। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর তাঁদের বাজেট নির্ধারিত হয়েছে ১৮ লাখ টাকা। দর্শনার্থীদের জন্য থাকছে চোখধাঁধানো মণ্ডপসজ্জা ও আলোকসজ্জার বিশেষ আয়োজন। শুধু তাই নয়, উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে আয়োজন করা হয়েছে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুভ পঞ্চমী থেকে শুরু করে মহানবমী পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা অংশ নেবেন।  উৎসবের পাশাপাশি নিজেদের সামাজিক দায়বদ্ধতাও ভুলে যায়নি এই ঐতিহ্যবাহী ক্লাব। পূজার দিনগুলোতে বস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ৪৭ তম বর্ষে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা, সংস্কৃতি এবং সামাজিকতার মেলবন্ধনে শারদোৎসবে সবাইকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ইয়ুথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টারের কর্মকর্তা ও সদস্যরা।