ইতালির কোচ হওয়া নিয়ে নীরবতা ভাঙলেন গার্দিওলা

Jul 24, 2026

ইতালির কোচ হওয়া নিয়ে নীরবতা ভাঙলেন গার্দিওলা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নিজেদের ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করা ইতালি হারানো গৌরব পুনরুদ্ধারের নতুন স্বপ্ন দেখছিল। আর ‘আজ্জুরিদের’ সেই পুনর্জাগরণ কেন্দ্রবিন্দুতে ছিলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা।গার্দিওলাকে ডাগআউটে আনার জন্য এমনকি নিজেদের আর্থিক নিয়মনীতি শিথিল করতেও রাজি ছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে ইতালির সেই স্বপ্নে জল ঢেলে দিলেন গার্দিওলা নিজেই; চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জাতীয় দলের কোচের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।চলতি সপ্তাহের শুরুর দিকে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগোর মুখে শোনা গিয়েছিল গার্দিওলাকে কোচ বানানোর সম্ভাবনার কথা। ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ ১০ বছরের সফল অধ্যায় শেষ করা গার্দিওলার সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেছিলেন, এই গ্র্যান্ডমাস্টারের বেতনের জন্য নিয়মের ব্যতিক্রম ঘটাতেও রাজি তারা।বিশাল অঙ্কের বেতনের পাশাপাশি ইতালিয়ান ফুটবল ফেডারেশন গার্দিওলাকে পুরো জাতীয় দলের দায়িত্ব ও পরিকল্পনা নিজের মনের মতো সাজানোর পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। টানা তিনটি বিশ্বকাপে যোগ্যতাঅর্জনে ব্যর্থ হওয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা যে কোনো মূল্যে আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই মাস্টারমাইন্ডকে ডাগআউটের দায়িত্ব দিতে চেয়েছিল।তবে বিবিসি জানিয়েছে প্রস্তাবটি ভেবে দেখার জন্য কিছুদিন সময় নেওয়ার পর শেষ পর্যন্ত ‘না’ বলে দিয়েছেন গার্দিওলা। এফআইজিসি-কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটবল থেকে কিছুদিনের সাময়িক বিরতি নেওয়ার যে পূর্বপরিকল্পনা তার ছিল, তিনি সেটাই বজায় রাখবেন। এই সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটাতে, বিশ্রাম নিতে এবং ঘুরে বেড়াতে চান।  এর আগে এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানান, ইতালি প্রথমে তাদের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ব্রাজিল দলের কোচের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিল। তবে আনচেলত্তি ব্রাজিলেই থেকে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন।ম্যানচেস্টার সিটি ছাড়ার আগেই গার্দিওলা ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘদিনের ক্লান্তির কারণে তিনি হুট করে কোনো নতুন ক্লাবে বা দলে যোগ দেবেন না। ঠিক যেমনটা ইর্য়ুগেন ক্লপ লিভারপুল ছাড়ার সময় বলেছিলেন। তবে গার্দিওলার উল্টো পথে হেঁটে ফুটবলের ব্যস্ততায় ফিরেছেন ৫৯ বছর বয়সি ক্লপ। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির ডাগআউটে দেখা যাবে তাকে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে পদত্যাগ করেন জেন্নারো গাতুসো। গার্দিওলা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় নতুন কোচ খোঁজার কাজ কঠিন হয়ে পড়েছে ইতালির জন্য। এই দৌড়ে পিরলোর পাশাপাশি ইতালিকে ইউরো ২০২০ জেতানো সাবেক কোচ রবের্তো মানচিনির নামও নতুন করে আলোচনায় এসেছে।