তৃণমূলের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ছিল দুর্নীতির আখড়া : নিশীথ প্রামাণিক

Jul 24, 2026

তৃণমূলের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ছিল দুর্নীতির আখড়া : নিশীথ প্রামাণিক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্য বিধানসভায় বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিগত শাসনকালকে তীব্র আক্রমণ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক অভিযোগ করেছেন যে, আগের সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়েছিল। তিনি জানান, দফতরে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ১২২টি সংস্থাকে 'ব্ল্যাকলিস্ট' বা কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে। দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো সংস্থা বা ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করে মন্ত্রী বলেন, উন্নয়ন আর কোনো নির্দিষ্ট জেলা বা বিধানসভা কেন্দ্রে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিটি জেলায় সমানভাবে কাজ করা হবে। পুরো উত্তরবঙ্গ জুড়ে ১০০টি পর্যটন তথ্য কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে ফুড প্লাজা, হোম-স্টে সহ পর্যটকদের নানা সুবিধা মিলবে। এছাড়া একাধিক জায়গায় ভারত-বাংলাদেশ ল্যান্ড পোর্ট তৈরি করা হবে এবং প্রতিটি জেলায় ইনডোর স্টেডিয়াম গড়া হবে। পাহাড়ি এলাকায় যানজট সমস্যার সমাধানে বিদেশের মতো হাইড্রোলিক কার পার্কিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি চলচ্চিত্রে শুটিংয়ের সুবিধার্থে 'সিঙ্গেল উইন্ডো সিস্টেম' চালুর কথা ঘোষণা করেন। বিগত তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, আগে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ বাজেটের এক-তৃতীয়াংশের কম খরচ হতো, তবে বর্তমান সরকার বরাদ্দের পুরো অর্থই জনকল্যাণ ও উন্নয়নের কাজে ব্যবহার করবে।