নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিদ্যুৎ মাসুল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার থেকে সপ্তাহব্যাপী গণ আন্দোলন শুরু করেছে প্রদেশ কংগ্রেস। বুধবার থেকে তিন ঘন্টার গণবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রদেশ কংগ্রেসের এই গণ আন্দোলন ।এর অঙ্গ হিসেবে এদিন রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক গণঅবস্থান কর্মসূচির আয়োজন করা হয় ।এই কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস এবং শাখা সংগঠনগুলির নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সুশান্ত চক্রবর্তী। তিনি জানান, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অহরহ মূল্য বৃদ্ধি ঘটে চলছে ।বাজার গুলি আজ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মূল্য বৃদ্ধির ছ্যাকায় হাত পুড়ছে অসহায় ক্রেতা সাধারণের। প্রশাসনের কোন ভূমিকা নেই ।মানুষ প্রতিবাদ জানাতে গেলে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে ।এভাবে প্রতিনিয়ত জনগণ শোষণ এবং অত্যাচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সুশান্ত চক্রবর্তী। এদিন প্রদেশ কংগ্রেসের অন্যান্য জেলার সংগঠনগুলির উদ্যোগেও একই দাবির ভিত্তিতে তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এক সপ্তাহ বেপি চলবে এই কর্মসূচি ।জেলা সংগঠন গুলির কর্মসূচির পর শুরু হবে মহকুমা সদর এবং বিভিন্ন জনবহুল স্থানে গণবস্থান কর্মসূচি।