নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নির্মীয়মান বাড়ির এক তালা থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হলেন এক নির্মাণ শ্রমিক ।আহত নির্মাণ শ্রমিকের নাম রাজীব বনিক। তার বাড়ি বিশালগড়ে ।অন্যান্য দিনের মতো বুধবার বিশালগড় থেকে কাজের উদ্দেশ্যে রাজীব আগরতলায় আসে। চানমারি বিবেকানন্দ পল্লী এলাকায় তীর্থ রাম রিয়াং নামে এক অধ্যাপকেরনির্মীয়মান বাড়িতে কাজ পায় সে। তার কাজ ছিল মাটি থেকে পাথর একতালার ছাদে নিয়ে রাখা। বৃহস্পতিবার বাড়ির দ্বিতল ভবনের ছাদ ঢালাই হওয়ার কথা । এদিন পাথর ভর্তি টুকরি মাথায় করে উপরে তুলতে গিয়ে একতালা থেকে পা ফসকে মাটিতে পড়ে যায় নির্মাণ শ্রমিক রাজিব বনিক ।সাথে সাথে তাকে অন্যান্য নির্মাণ শ্রমিকরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। তার মাথার পেছনে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে বিষয়টি সংশ্লিষ্ট বাড়ির মালিক তীর্থ রাম রিয়াংকে জানানো হয় ।কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তিনি আহত শ্রমিককে দেখতে জিবি হাসপাতালে আসেননি বলে অভিযোগ। বাড়ির মালিকের এই ধরনের অমানবিক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য নির্মাণ শ্রমিকরা।উল্লেখ্য কয়েকদিন আগেও এক নির্মাণ শ্রমিক তিন তালা থেকে পড়ে গুরুতর আহত হন। সেই ক্ষেত্রেও অনুরূপ ঘটনা ঘটে বলে অভিযোগ। জানা গেছে এই ধরনের দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিকদের সাহায্যের জন্য শ্রমদপ্তরের একাধিক প্রকল্প রয়েছে। কিন্তু অসংঘটিত থাকার দরুন সংশ্লিষ্ট শ্রমিকরা সরকারের কোন সহযোগিতা পাচ্ছেন না।