নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শিক্ষা ও শিক্ষণব্যবস্থাকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করতে হবে। রাজ্যের কাছে এই প্রস্তাব রাখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি বুধবার এক্সবার্তায় লিখেছেন, “গতকাল গিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পরিষদের অফিসে, রাজ্য সরকার যে পাঠ্য ও পাঠক্রম সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে তার আনুষ্ঠানিক উদ্বোধনে। উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ ও আরো অনেকে।আমার প্রস্তাবে বললাম, প্রথমত শিক্ষা ও শিক্ষণব্যবস্থাকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করতে হবে। তথাগতবাবু লিখেছেন, “প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের সেই বিষাক্ত উক্তি, “রাজনীতির বাইরে কিছু হয় না" থেকে উত্তরণ ঘটাতে হবে। দ্বিতীয়ত, প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অরাজনৈতিক মনীষীদের জীবনী অবশ্যপাঠ্য করতে হবে, যাতে ছাত্রছাত্রীরা অনুকরণ করার মত icon-এর সঙ্গে পরিচিত হয়। তৃতীয়ত, ইতিহাসে যে সব বিষয় লুকিয়ে রাখা হয়েছে, যেমন ১৯৩৭-১৯৪৭ আমলে অবিভক্ত বাংলায় মুসলিম লীগ দ্বারা হিন্দুদের বঞ্চনা, ১৯৪৭ পরবর্তী পূর্ববঙ্গে হিন্দু নির্যাতন, উদ্বাস্তু আগমন ও কেন্দ্রীয় সরকার দ্বারা তাদের অবহেলা, ১৯৪৩ সালের দুর্ভিক্ষ, ইত্যাদি ইতিহাসের পাঠক্রমের মধ্যে আনতে হবে। সেই সঙ্গে মাদ্রাসা সম্বন্ধে বলেছি, শুধু যারা মসজিদের ইমাম হতে চান মাদ্রাসার দরজা তাদের জন্যই খোলা থাকা উচিত, বাকি সব মাদ্রাসাগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করতে হবে। যতদিন তা সম্ভব না হচ্ছে ততদিন মাদ্রাসায় কি পড়ান হচ্ছে সেদিকে কড়া নজর রাখতে হবে। ভুললে চলবে না, ২০০২ সালে পশ্চিমবঙ্গের সিপিএমের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, কিছু মাদ্রাসায় রাষ্ট্রবিরোধী প্রচার হয়।”