নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সাবেক তারকা ফরোয়ার্ড দিয়েগো ফোরলানকে জাতীয় দলের নতুন কোচ করেছে উরুগুয়ে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বৃহস্পতিবার এই ঘোষণা দেয় দেশটির ফুটবল সংস্থা এইউএফ।মার্সেলো বিয়েলসার জায়গায় দায়িত্ব নিচ্ছেন ফোরলান। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর কোচের পদ ছাড়েন বিয়েলসা। শোনা যাচ্ছে, ফোরলানকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে।এইউএফ এক বিবৃতিতে বলে, ‘দিয়েগো ফোরলান ঘরে ফিরছেন। অনূর্ধ্ব-২০ জাতীয় দল ও সিনিয়র জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।’ ২০১০ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন ফোরলান। কয়েক সপ্তাহের আলোচনার পর তার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়। ৪৭ বছর বয়সী ফোরলান অন্তর্বর্তী কোচ হিসেবে শুরু করলেও চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর ও মার্চের প্রীতি ম্যাচগুলোয় তিনি দলের দায়িত্বে থাকবেন।টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ের পর স্পেনের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় তাদের। কৌশল আর গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে অবসর ভেঙে দলে ফেরানোর সিদ্ধান্তের জন্য সমালোচিত হন বিয়েলসা।কোচিংয়ে ফোরলানের অভিজ্ঞতা খুব বেশি নেই। ২০২০ সালে পেনিয়ারলে মাত্র ১১ ম্যাচ কোচিং করিয়ে বাজে ফলাফলের কারণে পদ ছাড়েন তিনি। ২০২১ সালে দ্বিতীয় বিভাগের দল আতেনাসে ১২ ম্যাচ কোচিং করান।খেলোয়াড় হিসেবে ফোরলান ছিলেন দুর্দান্ত। ১১২ ম্যাচে ৩৬ গোল করেছেন তিনি। ২০১১ কোপা আমেরিকা জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদে দারুণ সময় কাটান ফোরলান।