নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান দীর্ঘ সময় ধরে এই সংঘাত চালিয়ে যেতে পারবে না। তিনি বলেন, আমার মনে হয় এটি খুব শিগগিরই শেষ হবে। আমি মনে করি না তারা আর বেশি দিন এভাবে চলতে পারবে।ট্রাম্পের এ মন্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই কৌশলগত জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়েছে।