নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

Aug 07, 2026

নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হামলা বন্ধ করে আলোচনায় ফিরতে রাজি করাতে উপসাগরীয় আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। অন্যথায় এসব দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ জুলাই ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর একাধিক উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তেহরান এই বার্তা পৌঁছে দেয়।রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ওয়াশিংটনের মিত্র উপসাগরীয় দেশগুলোর তেলক্ষেত্র, শোধনাগার, বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় পাল্টা হামলা চালানো হতে পারে।প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও তার কথা হয়।এসব আলোচনায় আরাগচি উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের ওপর প্রভাব খাটিয়ে নতুন কোনো মার্কিন সামরিক পদক্ষেপ ঠেকানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে সমর্থন দেওয়ার অনুরোধ করেন।রয়টার্সের এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিক জানান, প্রতিটি আলোচনায় ইরান একই বার্তা দিয়েছে—আক্রমণের শিকার হলে তেহরান পাল্টা জবাব দিতে প্রস্তুত, তবে বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানই তাদের অগ্রাধিকার।উপসাগরীয় অঞ্চলের এক সূত্র রয়টার্সকে জানায়, ইরানের বার্তাটি ছিল ‘স্পষ্ট ও দ্ব্যর্থহীন’। তেহরান পরিষ্কারভাবে জানিয়েছে, তাদের অবকাঠামোতে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।