মানিকভাণ্ডারে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নতুন ভেটেরিনারি সাব-সেন্টার ভবনের উদ্বোধন

Aug 09, 2026

মানিকভাণ্ডারে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নতুন ভেটেরিনারি সাব-সেন্টার ভবনের উদ্বোধন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    মানিকভাণ্ডারে নতুন ভেটেরিনারি সাব-সেন্টার ভবনের উদ্বোধন, উপকৃত হবেন এলাকার পশুপালকরা    রবিবার কমলপুরের মানিকভাণ্ডারে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন ভেটেরিনারি সাব-সেন্টারের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই ভবন চালু হওয়ায় এলাকার পশুপালক ও সাধারণ মানুষকে পশু চিকিৎসা এবং প্রাণী সম্পদ সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পেতে আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।এদিন আয়োজিত দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধি, পঞ্চায়েত সমিতির সদস্যা সম্পা দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. সুব্রত শুক্লা দাস-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিতে পশুপালনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গবাদি পশু ও অন্যান্য প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি পশুপালকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।নতুন ভেটেরিনারি সাব-সেন্টারের মাধ্যমে স্থানীয় পশুপালকরা পশু চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ এবং প্রাণী সম্পদ বিকাশ সংক্রান্ত বিভিন্ন সরকারি পরিষেবা আরও সহজে পাবেন বলেও অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।এদিনের অনুষ্ঠানে বক্তারা প্রাণী সম্পদকে আরও উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নে পশুপালনের ভূমিকা তুলে ধরে সরকারি পরিষেবাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।নতুন ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। এলাকার পশুপালকদের দীর্ঘদিনের প্রয়োজন মেটাতে এই নতুন ভেটেরিনারি সাব-সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন স্থানীয়রা।