‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থার অবসান চাই’

Aug 09, 2026

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থার অবসান চাই’

ত্রিপুরা প্রিজিয়ানঃ   যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার অবসান ঘটিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর সঠিক সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে আখ্যায়িত করে এর দ্রুত সমাপ্তি চেয়েছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মাঝেই তিনি এই মন্তব্য করলেন।শনিবার (৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, ইরান বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য এটিই উপযুক্ত সময়। তিনি বলেন, দেশের ভেতরে এখন একতা ও শক্তি বিরাজ করছে এবং এই যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়গুলো মোকাবেলায় শুরুতেই ইরান ও ওয়াশিংটনের একটি চ্যানেল তৈরি করা উচিত ছিল বলে তিনি মনে করেন। ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খুব শিগগিরই হয়তো ইরান এই ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে।প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমানের সাথে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জোর চেষ্টা চালাচ্ছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যুদ্ধ শুরু করার পর থেকেই তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ কৌশলগত প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ৩ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রণালিটির ট্রানজিট ও ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে ইরান ও ওমান একটি সাময়িক রুট তৈরির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যেখানে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো তদারকি করবে ইরান এবং বেরিয়ে যাওয়া জাহাজগুলো নিয়ন্ত্রণ করবে ওমান।