নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলা মহাত্মা গান্ধী স্কুলে শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুলের এক ছাত্রীর প্রতি শিক্ষকের খারাপ নজর এবং শরীরের বিভিন্ন অংশে অনভিপ্রেতভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে। পাশাপাশি, ছাত্রদের উপর চেয়ার দিয়ে আক্রমণের অভিযোগও সামনে এসেছে।এই ঘটনাগুলির প্রতিবাদে বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যদের সঙ্গে নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা মহাত্মা গান্ধী স্কুলের সামনে সড়ক অবরোধে সামিল হয়। অভিযোগগুলির সুষ্ঠু তদন্ত, দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হয় তারা।অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং বেশ কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের মতো নিরাপদ জায়গায় পড়ুয়াদের সঙ্গে এ ধরনের আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।এদিনের ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়। পড়ুয়াদের নিরাপত্তা ও অভিযোগের যথাযথ তদন্ত এখন মূল দাবি হয়ে উঠেছে।