নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রীর অপহরণ এবং গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাল এসএফআই , গণতান্ত্রিক নারী সমিতি এবং ডিওয়াইএফআই। বুধবার এই তিনটি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে পূর্ব মহিলা থানার ওসির নিকট সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়। এই নিয়ে পূর্ব মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এই কর্মসূচি প্রসঙ্গে ডিওয়াইএফআই নেতৃত্ব সন্দীপন দেব জানান, রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলছে ।অথচ কোন ক্ষেত্রেই প্রশাসন সক্রিয় নয়। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ জানানোর ২৪ ঘণ্টা পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে তারা পূর্ব মহিলা থানার সামনে সমবেত হয়েছেন বলে জানান তিনি।