নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এফসিআরএ বিলের সমালোচনায় সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, সংখ্যালঘুদের দমন করার জন্য এফসিআরএ বিলটি আনতে চায় কেন্দ্র। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, "সংখ্যালঘুদের দমন করার উদ্দেশ্যেই তারা এফসিআরএ বিলটি আনতে চাইছে। কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই তারা এটি নিয়ে আসতে চায়। আপনারা এমন জায়গায় বিমানবন্দর তৈরি করছেন যেখানে এখন জল জমে থাকে, আর এক্সপ্রেসওয়েগুলিতে রয়েছে গর্ত। তাহলে আপনারা আসলে কী করছেন?"
এফসিআরএ বিল প্রসঙ্গে অখিলেশের স্ত্রী তথা সপা সাংসদ ডিম্পল যাদব বলেন, "বিলটি যদি জেপিসি-র কাছে পাঠানো হয়, তবে তা ভালো। এই বিলের মাধ্যমে সরকার এমন সব সংস্থাকে ভয় দেখাতে পারত, যারা হয়তো তাদের নির্দেশ অনুযায়ী কাজ করছিল না।"