নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। একইসঙ্গে ত্রিপুরার প্রতিটি জেলা, মহকুমা ও ব্লক স্তরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় দেশের ঐতিহাসিক এই দিনটি। এরই অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবিআই মাঠে।শনিবার সকাল ৯টায় বিবিআই মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য মন্ত্রিসভার সদস্যা মন্ত্রী সান্তনা চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক চাঁদনী চন্দ্রান, জেলা পুলিশ সুপার অবিনাশ রাই, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা, ধর্মনগরের বিধায়ক তথা সমাজসেবী জহর চক্রবর্তী- সহ প্রশাসন, পুলিশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।জাতীয় পতাকা উত্তোলনের পর উত্তর জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রী সান্তনা চাকমাকে খোলা গাড়িতে করে বিবিআই মাঠ প্রদক্ষিণ করিয়ে অভিবাদন জানানো হয়। এরপর তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং দেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও স্মরণ করা হয়।মন্ত্রী সান্তনা চাকমা তাঁর বক্তব্যে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। গোটা অনুষ্ঠান ঘিরে বিবিআই মাঠ চত্বরে তৈরি হয় গভীর দেশাত্মবোধের আবহ।