নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জ্বালানি নিরাপত্তা সময়ের দাবি, লালকেল্লার প্রাকার থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮০-তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, "জ্বালানি নিরাপত্তা বর্তমান সময়ের দাবি। ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। এই দশকের মধ্যেই পাঁচটি নতুন পারমাণবিক চুল্লি চালু করার লক্ষ্য আমাদের রয়েছে।"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "দেশ স্বাধীনতা লাভ করেছিল—এমন এক স্বাধীনতা যা অনেক স্বপ্নের সঙ্গে যুক্ত ছিল। তবুও, আমরা কাঙ্ক্ষিত গতি বা উদ্দীপনা অর্জন করতে ব্যর্থ হয়েছিলাম। আমরা 'হোতি হ্যায়' (এমনটা তো হয়ই), 'চলতি হ্যায়' (এভাবেই চলে), 'হো যায়েগা' (হয়ে যাবে) কিংবা 'দেখা যায়েগা' (দেখা যাবে)—এমন এক মানসিকতার বেড়াজালে আটকে ছিলাম। ২০১৪ সালের মধ্যে সারা বিশ্ব আমাদের 'ফ্র্যাজাইল ফাইভ' বা ভঙ্গুর অর্থনীতির পাঁচটি দেশের তালিকায় ঠেলে দিয়েছিল। সেই পরিস্থিতির মধ্যেও, গত ১২ বছরে ভারত নতুন গতি সঞ্চার করেছে। আমরা দ্রুতগতিতে এগিয়ে চলেছি এবং আমাদের ১৪০ কোটি নাগরিকের সংকল্প এতটাই দৃঢ় যে, এখন আর কোনও কিছুই আমাদের সম্মিলিত সংকল্প ও সক্ষমতাকে রুখতে পারবে না।"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "গত ১২ বছরে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন প্রায় চার গুণ বেড়েছে, আর খাদি ও গ্রামীণ শিল্পের উৎপাদন বেড়েছে প্রায় পাঁচ গুণ। ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে। আধুনিক রেলের বগি তৈরির পরিমাণ ২১ গুণ এবং মোবাইল ফোন উৎপাদন ৩৩ গুণ বেড়েছে। পাশাপাশি, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও আমরা নিজেদের বিশেষ অবস্থান তৈরি করেছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার গুণ হয়েছে, পেটেন্ট প্রদানের হার চার গুণ বেড়েছে এবং ডিজিটাল লেনদেন বেড়েছে একশো গুণ। সাধারণ নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ক্ষেত্রেও আমরা সমান গুরুত্ব দিয়ে কাজ করেছি। আমরা আগের তুলনায় গড়ে ১৫ গুণ দ্রুত গতিতে বাড়িতে কলের জলের সংযোগ পৌঁছে দিয়েছি। গ্যাস সংযোগ প্রদানের হারও আগের বার্ষিক গতির তুলনায় ছয় গুণ বেশি হয়েছে।"