নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের বিষয়টি অযথা বিলম্ব হচ্ছে ।অবিলম্বে মেধা তালিকা প্রকাশের ভিত্তিতে উত্তীর্ণ সবাইকে নিয়োগের দাবিতে বিভিন্ন ধরনের আন্দোলন সংঘটিত করেছে পরীক্ষার্থীরা। সোমবারও তারা অবিলম্বে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে রাস্তায় বসে ধরনা দেয়। ফলে লক্ষী নারায়ণবাড়ী রোডে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। এসটিজিটি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা প্লে কার্ড নিয়ে অবিলম্বে চাকরি প্রদানের দাবি জানায়। আন্দোলনরত এক উত্তীর্ণ পরীক্ষার্থী জানান ,গত সাত বছর ধরে এস টি জি টির কোন নিয়োগ নেই। ২০২৫ সালে পরীক্ষা হয়। ১৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে তারা ২১৭৬ জন উত্তীর্ণ হন ।কিন্তু এখন পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। নিয়োগ পত্র প্রদান করা হচ্ছে না। অথচ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন ,এস টি জি টি'র ২১৭৬ টি পদ শূন্য রয়েছে। তার প্রশ্ন ,শুন্য পদ থাকলে নিয়োগ করা হচ্ছে না কেন? কেন অযথা বিলম্ব করা হচ্ছে ? অবিলম্বে সংশ্লিষ্ট শূন্য পদগুলি পূরণের দাবি জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে লক্ষী নারায়ণবাড়ী রোডে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল সংখ্যক পুলিশ।অবস্থা ব্যাগতিক বুঝে আন্দোলনরত পরীক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ।