বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ঝড়

Aug 18, 2026

বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ঝড়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বলিউড অভিনেতা ইমরান হাশমির জনপ্রিয়তা, পুরোনো দিনের নস্টালজিয়ায় ‘আওয়ারাপন ২’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মাত্র তিন দিনেই সিনেমাটি ভারতে ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট এবং ৯৮ কোটি ১০ লাখ রুপি গ্রস আয় করেছে।রোববার সিনেমাটির আয় কিছুটা কমেছে। এদিন ৯ হাজার ৪০৩টি প্রদর্শনী থেকে আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারে রোববার সিনেমাটির আয় হয়েছে প্রায় ৪ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি গ্রস।স্বাধীনতা দিবসের বক্স অফিস লড়াইয়েও স্পষ্টভাবে এগিয়ে ছিল ‘আওয়ারাপন ২’। ওই দিন সিনেমাটি ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করে। একই দিনে ‘তামিল বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ২৬ কোটি, ‘বাটওয়ারা ১৯৪৭’ ১৬ কোটি ২০ লাখ, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ১২ কোটি আয় করে।মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ মূল ‘আওয়ারাপন’-এর পুরো আয়কে ছাড়িয়ে যায়। ২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি ভারতে মোট ৭ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছিল।শনিবারের মধ্যেই ইমরান হাশমির বেশ কয়েকটি সফল সিনেমার চূড়ান্ত আয়ও ছাড়িয়ে যায় ‘আওয়ারাপন ২’। এর মধ্যে রয়েছে ‘হক’ (২০ কোটি), ‘রাজ ২’ (২৫ কোটি ৫০ লাখ), ‘এক থি ডায়ান’ (২৬ কোটি) এবং ‘জান্নাত’ (৩০ কোটি)। ফলে এটি ইমরান হাশমির একক নায়ক হিসেবে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হওয়ার পথে রয়েছে।২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ প্রথমদিকে বক্স অফিসে বড় সাফল্য পায়নি। তবে সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। সিনেমাটির গান, আবেগঘন গল্প এবং ইমরান হাশমির অভিনয় এটিকে কাল্ট সিনেমার মর্যাদা এনে দেয়।নিতিন কক্করের পরিচালনায় ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশেষ ভাট। বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ইমরানের ভক্তরা সিনেমাটিতে তার অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতির প্রশংসা করছেন। ‘আওয়ারাপন ২’-এর বিশেষ প্রদর্শনীতে মুম্বাইয়ে দর্শকদের সঙ্গে কথা বলার সময় ইমরান হাশমি ‘আওয়ারাপন ৩’ নিয়ে ইঙ্গিত দিয়েছেন। সিক্যুয়েলে শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন তিনি। সহ-অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে ওই প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকদের প্রতিক্রিয়াও শোনেন।ইমরান বলেন, এই সিনেমা নির্মাতাদের চেয়ে ভক্তদের বেশি। তাই আমরা আবার ফিরে এসেছি।এক দর্শক ‘আওয়ারাপন ২’ সুপারহিট হবে বলে মন্তব্য করলে ইমরান বলেন, সিনেমা এখনো শেষ হয়নি, দ্বিতীয়ার্ধ আরও ভালো।এরপরই ‘আওয়ারাপন ৩’ নিয়ে সম্ভাবনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আশা করি, খুব শিগগিরই আসছে ‘আওয়ারাপন ৩’।