নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ঐক্য, সেবা, মর্যাদা ও ন্যায়ের বার্তা সামনে রেখে ঊনকোটি জেলায় সামাজিক কর্মসূচি আয়োজন করল এনএইচএম ইউনাইটেড ফোরাম ত্রিপুরা, ঊনকোটি জেলা কমিটি। নেশামুক্ত ও সবুজ ত্রিপুরার বার্তা নিয়ে ঊনকোটি কলাক্ষেত্র থেকে সচেতনতামূলক র্যালি বের করা হয়।র্যালি শেষে আরজিএম কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ঊনকোটি কলাক্ষেত্রের ২ নম্বর হলঘরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শীর্ষেন্দু চাকমা, জেলা পরিষদের সদস্য বিমল কর এবং এনএইচএম ইউনাইটেড ফোরামের রাজ্য সম্পাদক গৌতম ভট্টাচার্য-সহ অন্যান্যরা।অনুষ্ঠানে গৌতম ভট্টাচার্য বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করেই একটি সুস্থ, সবুজ ও সুন্দর ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। সভাধিপতি অমলেন্দু দাসও নেশার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।র্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতার পাশাপাশি ঐক্য ও মানবিকতার বার্তা তুলে ধরল এনএইচএম ইউনাইটেড ফোরাম।