মানবতার টানে হালহালিতে মেগা রক্তদান শিবির — ২০ জনের স্বেচ্ছায় রক্তদান, প্রশংসায় পাঙ্গাল মণিপুরী মুসলিম সংগঠনের উদ্যোগ

Aug 22, 2026

মানবতার টানে হালহালিতে মেগা রক্তদান শিবির — ২০ জনের স্বেচ্ছায় রক্তদান, প্রশংসায় পাঙ্গাল মণিপুরী মুসলিম সংগঠনের উদ্যোগ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ত্রিপুরা পাঙ্গাল মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সংগঠনের উদ্যোগে আজ হালহালি স্থিত নিউ এরা একাডেমির ক্যাম্পাস গ্রাউন্ডে আয়োজন করা হয় এক মেগা রক্তদান শিবিরের। রক্তের সংকট মোকাবিলায় এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই মহতী উদ্যোগ বলে জানান আয়োজকরা।এদিন রক্তদান শিবিরকে ঘিরে সকাল থেকেই নিউ এরা একাডেমির ক্যাম্পাস গ্রাউন্ডে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যেও কর্মসূচিকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে   উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, কমলপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তপন যাদব, উত্তর হালহালি পঞ্চায়েতের মেম্বার নূর হুসাইন, ত্রিপুরা পাঙ্গাল মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি এম. ডি. আনসার উদ্দীন, সমাজসেবী রহমত উল্লা খান সহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে পাঙ্গাল মণিপুরী মুসলিম জনগোষ্ঠীর সবচেয়ে বৃহৎ বসতি রয়েছে কমলপুর মহকুমায়। এই জনগোষ্ঠীর পক্ষ থেকে রক্তদানের মতো মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন অত্যন্ত প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন। বিধায়ক বলেন, মানুষের জীবন বাঁচাতে রক্তের কোনো বিকল্প নেই। রক্তদানের ক্ষেত্রে জাতি, ধর্ম কিংবা সম্প্রদায়ের কোনো বিভাজন নেই। তাঁর কথায়, “রক্তের কোনো জাত হয় না, রক্তের শুধু গ্রুপ হয়।” মানবতার স্বার্থে সমাজের প্রতিটি স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এদিনের শিবিরে মোট ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের এই মহতী উদ্যোগকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তদান শুধুমাত্র একটি সামাজিক কর্মসূচি নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর সুযোগ। তাই নিয়মিতভাবে এই ধরনের রক্তদান শিবির ও অন্যান্য সমাজসেবামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।উল্লেখ্য, বর্তমান সময়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন দেখা দেয়। সেই সময় স্বেচ্ছায় রক্তদাতারাই হয়ে ওঠেন মুমূর্ষু রোগী ও তাঁদের পরিবারের সবচেয়ে বড় ভরসা। তাই হালহালির বুকে আয়োজিত এই রক্তদান শিবির শুধু একটি কর্মসূচি নয়, বরং সম্প্রীতি, সহমর্মিতা ও মানবতার এক উজ্জ্বল বার্তা বহন করল।মানবতার এই বার্তাই যেন ছড়িয়ে পড়ে সমাজের সর্বত্র—‘রক্ত দিন, জীবন বাঁচান’।

বিভাগ