নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চেয়েছেন তিনি।ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু। পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ যেমন কোনও সমাধান নয়, তেমনি নতুন করে সংঘাত শুরু হতে পারে—এমন অনিশ্চয়তাও ইরানের অর্থনীতির ক্ষতি করছে। তাই দেশের শক্তি অক্ষুণ্ন রেখে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ওপর জোর দিয়েছেন তিনি।পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসা এবং এমন একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে ইরানের কর্মকর্তারা প্রায় প্রতিদিনই আলোচনা করছেন। তবে সেই সমঝোতায় ইরানের নীতি ও মূল্যবোধ অক্ষুণ্ন থাকতে হবে এবং ভবিষ্যতে প্রতিপক্ষরা যাতে আবার হামলার কথা চিন্তা না করে, সেটিও নিশ্চিত করতে হবে।তিনি বলেন, ‘যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। আবার যুদ্ধ শুরু হতে পারে কি না—এমন দীর্ঘস্থায়ী অনিশ্চয়তাও ইরানের অর্থনীতির ওপর চাপ তৈরি করছে।’