নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 'জাতীয় মহাকাশ দিবস' উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাগ করে তিনি বলেন, নতুন বিশ্ব ব্যবস্থায় ভারত ক্রমাগত মহাকাশ ক্ষেত্রে পরিধি বিস্তার করছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে 'জেন-জি' প্রজন্মের প্রকৌশলী, ডিজাইনার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন। তিনি আরও বলেন, ভারতের বেসরকারি ক্ষেত্রে মহাকাশ-প্রতিভারা বিশ্বজুড়ে নিজেদের এক অনন্য পরিচিতি গড়ে তুলছে।প্রধানমন্ত্রী জানান, ভারতের মহাকাশ ক্ষেত্রে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি বিকশিত রাষ্ট্রে পরিণত করার সংকল্প নেওয়া হয়েছে এবং এই লক্ষ্য পূরণে মহাকাশ ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং চন্দ্রযান-৩-এর ঐতিহাসিক সাফল্যের কথা স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় জিতেন্দ্র সিং ২০২৩ সালের ২৩ আগস্টের সেই মুহূর্তটির কথা উল্লেখ করেন, যখন চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করেছিল।