পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

Aug 31, 2026

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      "ধর্মনগর-কদমতলা মূল সড়কের নতুনবাজার এলাকায় পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে নামলেন স্থানীয় গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগলেও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

গ্রামবাসীদের অভিযোগ, ২০২০ সাল থেকেই এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা চলছে। এই সমস্যা সমাধানের দাবিতে একাধিকবার ডিডব্লিউএস (DWS) দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি স্থানীয় প্রধানকেও বারবার বিষয়টি জানানো হলেও তিনি এ ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছেন না বলেও অভিযোগ করেন এলাকাবাসীরা।

তাঁদের আরও অভিযোগ,   দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চললেও প্রতিবারই সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সমস্যার কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই এদিন কলসি ও বালতি হাতে নিয়ে ধর্মনগর-কদমতলা মূল সড়ক অবরোধে নামেন গ্রামবাসীরা।

সড়ক অবরোধের ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পথচলতি সাধারণ মানুষসহ সরকারি ও বেসরকারি কর্মস্থলে যাওয়া বহু মানুষ চরম সমস্যার সম্মুখীন হন। দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ থাকায় এলাকায় ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়।

পরে ঘটনাস্থলে পৌঁছে ডিডব্লিউএস দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বাস দেন যে, আগামী সাত দিনের মধ্যে এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হবে। ওই আশ্বাসের পর অবশেষে গ্রামবাসীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

তবে দীর্ঘদিনের এই পানীয় জলের সমস্যার এবার সত্যিই স্থায়ী সমাধান হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন নতুনবাজার এলাকার বাসিন্দারা।

বিভাগ

সর্বশেষ খবর