নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ক্রীড়া প্রতিভার বিকাশ এবং যুবসমাজকে মাদকমুক্ত সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুরু হলো ‘দক্ষিণ জেলাভিত্তিক বিদ্যালয় জুডো প্রতিযোগিতা ২০২৬-২৭’। ৩১ আগস্ট সকালে সাব্রুম মহকুমার অন্তর্গত পি এম শ্রী চতকছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জুডো ইনডোর হলে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার শুভ সূচনা ঘটে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপাইছড়ি বিএসি চেয়ারপার্সন শ্রীমতি রাখি ত্রিপুরা।উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া আধিকারিক রিতেশ শীল,সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে।
অনুর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইনডোর হলটি তরুণ খেলোয়াড়দের অদম্য উদ্দীপনা ও আত্মবিশ্বাসে মুখরিত হয়ে ওঠে। 'ফিট ইন্ডিয়া' ও 'নেশা মুক্ত ভারত অভিযান'-এর বার্তাকে ধারণ করে আয়োজিত এই আসর কেবল জয়-পরাজয়ের লড়াই নয়, বরং তরুণদের শৃঙ্খলা, আত্মরক্ষা ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।