নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ অধিকৃত পশ্চিম তীরে সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ঘরবাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। একের পর এক গ্রামে তাণ্ডব চালিয়ে বহু মানুষকে আহত করা হলেও ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনী ছিল নীরব। এমনকি ফিলিস্তিনিদের সাহায্য করতে আসা অ্যাম্বুলেন্স এবং খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়। ঘটনার পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বিবৃতি দেন। তিনি এই ঘটনাকে ‘কয়েকজন বিশৃঙ্খলাকারীর কাজ’ বলে আখ্যা দেন এবং তাদের শাস্তি দেওয়ার কথা বলেন।তবে মুখে কঠোর শাস্তির কথা বললেও বাস্তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভিডিওতে স্পষ্ট মুখ ঢাকা হামলাকারীদের দেখা গেলেও ইসরাইলি পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুর এই নিন্দা একটি রাজনৈতিক চাল। তিনি বিশ্ববাসীকে দেখাতে চান যে হাজার হাজার সাধারণ ইসরাইলি ভালো, কেবল গুটি কয়েকজন লোক এই ঝামেলা করছে। এভাবে ছোট একটি দলকে দায়ী করে তিনি পুরো ইসরাইল সরকার যে অবৈধভাবে ফিলিস্তিনের জমি দখল করছে, সেই আসল সত্যিটাকে আড়াল করতে চান।তাছাড়া, ইসরাইলি সামরিক বাহিনী ভয় পাচ্ছে যে এসব হামলা বেশি বাড়লে ফিলিস্তিনিরা এক হয়ে বড় ধরনের বিদ্রোহ শুরু করতে পারে। সেই ঝামেলা এড়াতেই মূলত নেতানিয়াহু সাময়িকভাবে ক্ষোভ দেখিয়েছেন।