পৌর নিগমের চৈত্র সেলের টোকেন বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠল

Mar 25, 2026

পৌর নিগমের চৈত্র সেলের টোকেন বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আগরতলা পৌরনিগম পরিচালিত চৈত্র সেলের টোকেন বিলি মঙ্গলবার থেকে শুরু হয় ।মেয়র বললেন টোকেন নিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভিড় একটা ভালো লক্ষণ। এদিকে টোকেন প্রদান নিয়ে আগরতলা পৌর নিগমের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।

 

অন্যান্য বছরের মতো এবারো চৈত্র সেল এর আয়োজন গ্রহণ করেছে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।চৈত্র সেলের টোকেন পেতে রবিবার দুপুর থেকেই আগরতলা পৌর নিগমের কার্যালয়ের সামনে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভিড় জমে। দুই রাত দুই দিন লাইনে দাঁড়িয়ে অনেকেই টোকেন পান ।আবার বড় একটা অংশের নারী পুরুষরা টোকেন পাননি ।   এদিন এই টোকেন বিলি প্রক্রিয়া প্রত্যক্ষ করতে এসে আগরতলা পৌর নিগমের কার্যালয়ে সামনে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান ,প্রতি বছরই গরিব ক্ষুদ্র ব্যবসায়ীরা সারা বছর ধরে চৈত্র সেল এর অপেক্ষায় থাকেন ।   আগে তাদের কাছ থেকে ফিস আদায় করা হতো ।বিজেপি পরিচালিত আগরতলা পৌরনিগম বিনামূল্যেই টোকেন বিলির ব্যবস্থা গ্রহণ করে চলছে।ক্ষুদ্র ব্যবসায়ীদের বসা,বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্হাও করা হচ্ছে।তিনি জানান টোকেন পেতে ভিড় একটা ভালো লক্ষণ ।এ বছর শকুন্তলা রোডের পরিবর্তে রাজধানীর শিশু উদ্যানে চৈত্র সেলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

 

এদিকে মঙ্গলবার টোকেন বিলি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠল আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে ।অনেকেই দুই দিন দুই রাত্রি লাইনে দাঁড়িয়ে থেকেও টোকেন পানি বলে অভিযোগ। টোকেন না পেয়ে ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, মোট বারোশো টোকেন বিলির ব্যবস্থা করা হয়েছে ।এর মধ্যে স্বল্প সংখ্যক টোকেন বিলির পরই টোকেন শেষ হয়ে গেছে বলা হচ্ছে ।তারা আরো জানান, প্রতিবছর এমনটাই হয়। এবারো এর ব্যতিক্রম হয়নি।

 

এদিন টোকেন বিতরণকে কেন্দ্র করে আগরতলা পৌরনিগম কার্যালয়ের সামনে কিছুটা উত্তেজনাও ছড়ায় ।খবর পেয়ে পুলিশ ছুটে এসে পরিস্থিতি আনে।