নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বড় কোনো তারকার উপস্থিতি নেই, নেই চোখধাঁধানো প্রচারণা কিংবা বিপুল বাজেট। মুক্তির পর প্রথম দুই সপ্তাহেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি সিনেমাটি।কিন্তু এরপর পরিস্থিতি পুরোপুরি পালটে যায়। দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসায় ধীরে ধীরে গতি পেতে থাকে ছবির ব্যবসা। শেষ পর্যন্ত ‘স্লিপার হিট’ হিসেবে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে বিশাল চতুর্বেদি পরিচালিত আধ্যাত্মিক ড্রামা ‘হনুমান অংশ’।ছবিটির এই অপ্রত্যাশিত সাফল্য শুধু ট্রেড বিশ্লেষকদেরই অবাক করেনি, প্রভাব ফেলেছে বড় তারকাদের সিনেমার ব্যবসাতেও। এমনকি প্রেক্ষাগৃহে ‘হনুমান অংশ’-এর দাপটের কারণে সদ্য মুক্তি পাওয়া অক্ষয় কুমার ও সাইফ আলী খান অভিনীত আলোচিত সিনেমা ‘হাইওয়ান’ও কিছুটা চাপে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ৩৯তম দিনে ভারতে ‘হনুমান অংশ’-এর মোট আয় দাঁড়িয়েছে ২৬৩.৩০ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার থেকে আরও ১৬.৫০ কোটি রুপি আয় যোগ হওয়ায় বিশ্বব্যাপী সিনেমাটির মোট সংগ্রহ এখন প্রায় ২৭৯.৮০ কোটি রুপি।