মিলনচক্র ক্লাবের ত্রিতল ভবনের উদ্বোধন,এলাকা স্বচ্ছ রাখতে ক্লাবগুলিকে এগিয়ে আসার আহ্বান জানালেন মেয়র

Sep 16, 2026

মিলনচক্র ক্লাবের ত্রিতল ভবনের উদ্বোধন,এলাকা স্বচ্ছ রাখতে ক্লাবগুলিকে এগিয়ে আসার আহ্বান জানালেন মেয়র

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বুধবার আগরতলার মিলন চক্র ক্লাবের নব নির্মিত ত্রিতল ভবনের শুভদারোদঘাটন অনুষ্ঠিত হয় ।একই সাথে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান কর্মসূচি ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,বিধায়িকা মিনা রানী সরকার, আগরতলা পৌর নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ এলাকার বিশিষ্ট জনেরা। এদিন প্রদীপ জ্বালিয়ে নবনির্মিত ত্রিতল ক্লাব ভবনের উদ্বোধন করেন মেয়র ,বিধায়িকা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, এলাকার পরিবেশ এবং স্বচ্ছতা বজায় রাখা কেবলমাত্র পৌর নিগমেরই দায়িত্ব নয় ।এই দায়িত্ব সকলের এবং সংশ্লিষ্ট এলাকার ক্লাব গুলিরও। বাড়িঘর থেকে আবর্জনা পরিস্কারে কারা মাসে ৬০ টাকা করে দিচ্ছেন ,কারা দিচ্ছেন না তার তালিকা ওয়ার্ড অফিসে পাওয়া যাবে ।এই তালিকা নিয়ে ক্লাবগুলি আলোচনায় বসুন এবং যারা দিচ্ছেন না তাদের বাধ্য করুন। মেয়র আরো বলেন ,আগরতলা পৌর নিগম এলাকার ৬০ শতাংশ জনগণ ট্যাক্স দিচ্ছেন ।৪০ শতাংশ দিচ্ছেন না ,কিন্তু পৌর নিগম জনস্বার্থে ১০০% পরিষেবা দিয়ে যাচ্ছে। এদিন ক্লাব ভবন উদ্বোধনের পর সংশ্লিষ্ট এলাকায় মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান কর্মসূচির আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানেও মেয়র, বিধায়িকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় দোকানগুলিতে এই উপলক্ষে প্লাস্টিক বর্জনের জন্য ক্যারি ব্যাগ প্রদান করা হয়। প্লাস্টিক বর্জন নিয়েও কথা বলেন মেয়র। তিনি জানান ,পরিবেশ স্বচ্ছ এবং সুস্থ রাখতে এখনই প্লাস্টিক বর্জন করা উচিত।

বিভাগ

সর্বশেষ খবর