অবসরে গেলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকা

Sep 17, 2026

অবসরে গেলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিলেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়াকে এনে দিয়েছিলেন তাদের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। সেই স্মরণীয় অধ্যায়ের প্রায় এক যুগ পর জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেন এই তারকা মিডফিল্ডার।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রদ্রিগেজ। ১৫ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে তিনি লেখেন, ‘আজ আমি হৃদয় থেকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। অসংখ্য ম্যাচ, আনন্দ আর কঠিন মুহূর্ত পেরিয়ে আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে—কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা।’২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল রদ্রিগেজের। সেই ম্যাচেই করেছিলেন জয়সূচক গোল। এরপর ধীরে ধীরে জাতীয় দলের অন্যতম ভরসায় পরিণত হন তিনি। কলম্বিয়ার হয়ে খেলেছেন ২০১৪, ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপে। তবে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দলটি।রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০১৪ বিশ্বকাপ। ব্রাজিলে অনুষ্ঠিত সেই আসরে মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। বিশেষ করে শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে তার করা দুর্দান্ত ভলি গোলটি এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে স্মরণ করা হয়। ওই টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্সের পরই তাকে দলে ভেড়ায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।জাতীয় দলকে বিদায় জানিয়ে রদ্রিগেজ বলেন, ‘এই জার্সি পরা ছিল আমার স্বপ্ন, একই সঙ্গে বিশাল দায়িত্ব। প্রতিবার মাঠে নামার সময় মনে হতো আমি শুধু নিজের জন্য নয়, পরিবার, সতীর্থ এবং লাখো কলম্বিয়ানের স্বপ্নের প্রতিনিধিত্ব করছি।’কলম্বিয়ার ১০ নম্বর জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড পরার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, ‘এটি ছিল গর্ব ও দায়িত্বের বিষয়। ভালো সময় যেমন এসেছে, তেমনি কঠিন সময়ও ছিল। কিন্তু কলম্বিয়ার রঙের প্রতি আমার গর্ব কখনও কমেনি।’   

বিভাগ

সর্বশেষ খবর