ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের সময় পাথারকান্দি পুলিশের হাতে জব্দ বিপুল পরিমাণ গাঁজা।

Mar 28, 2026

ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের সময় পাথারকান্দি পুলিশের হাতে জব্দ বিপুল পরিমাণ গাঁজা।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

শ্রীভুমি জেলার পাথারকান্দি এলাকায় পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণ গাঁজা জব্দ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যায় একটি কন্টেইনার গাড়িতে করে অবৈধভাবে গাঁজা পাচার করা হচ্ছিল এমন খবর রয়েছে পুলিশের নিকট। পরে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চারশো কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। গাড়ির কেবিনের ভেতরে অত্যন্ত কৌশলে একটি গোপন চেম্বার তৈরি করা হয়েছিল যার মাধ্যমে এই বিপুল পরিমাণ মাদক পাচারের পরিকল্পনা করা হয়।অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক গাড়ি থামিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ এন এল ০১ কে ৪৪৩২ নম্বরের এই ট্রাকটি আসিমগঞ্জ বাইপাস এলাকা থেকে আটক করে এবং তল্লাশি চালিয়ে গাঁজাগুলি জব্দ করে। জব্দ হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি একুশ লক্ষ টাকা বলে জানা গেছে যা এই অঞ্চলে একটি বড়সড় মাদক চক্রের ইঙ্গিত বহন করছে। ঘটনার পর থেকেই পলাতক চালকের সন্ধানে তৎপরতা শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং শীঘ্রই এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।