নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় গোটা দেশের সাথে সঙ্গতি রেখে খোয়াই জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। খোয়াই জেলা সদর শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, জেলা সভাপতি সমীর কুমার দাস,খোয়াই জেলার শাসক রঞ্জন পণ্ডিত সহ জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে খোয়াইয়ের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সকলের সাথে যোগাভ্যাস করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যোগা আমাদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের জন্য এক অনবদ্য ক্রিয়া। আমি সমাজের সকল অংশের এবং সকল বয়সের মানুষকে আহ্বান করবো প্রতিনিয়ত যোগা করুন এবং নিজের শরীর ও মনকে সুস্থ রাখুন। বিশ্বব্যাপী পালিত এই ধারাবাহিকতাকে পাথেয় করে খোয়াই জেলাতেও অত্যন্ত সফলভাবে এই যোগ দিবস সম্পন্ন হলো।