নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে অন্যান্য বছরের মতো এবছরও তেলিয়ামুড়া যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর, তেলিয়ামুড়া পুর পরিষদ এবং তেলিয়ামুড়া আর.ডি ব্লকের যৌথ উদ্যোগে নানা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়।এদিন সকালে যোগ দিবসকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল চত্বরে এসে সমাপ্ত হয়।পরবর্তীতে টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। এরপর যোগ প্রদর্শনী এবং আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুই ডি.সি.এম সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা।এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিভিন্ন সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরে সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত যোগ চর্চার আহ্বান জানান।