নিউস ত্রিপুরা প্রতিনিধিঃতেলিয়ামুড়া প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে কৃষকদের নিয়ে এক কৃষক সচেতনতা শিবির ও আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি, সরকারি কৃষি প্রকল্পের সুবিধা এবং সমবায় ব্যবস্থার মাধ্যমে কৃষির উন্নয়ন নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এবং উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সুযোগ গ্রহণ করে কৃষকদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নিতীন কুমার সাহা, সংশ্লিষ্ট দফতরের আধিকারিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সরকারি সুযোগ-সুবিধা ও সমবায় ব্যবস্থার মাধ্যমে কৃষি উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত কৃষকরাও বিভিন্ন বিষয়ে মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। আলোচনা সভার মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।