জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পথ অবরোধ

Jul 23, 2026

জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পথ অবরোধ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃকৈলাসহর,রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা ও যান চলাচলে চরম দুর্ভোগের প্রতিবাদে পথ অবরোধে সামিল হল ঊনকোটি জেলা কংগ্রেস। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কৈলাসহর-ধর্মনগর এবং কৈলাসহর-কুমারঘাট সংযোগকারী এনএইচ-২০৮ জাতীয় সড়কের চিরাকুটি এলাকায় অবরোধ কর্মসূচি শুরু হয়।কর্মসূচিতে নেতৃত্ব দেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, তরুণ সাহা-সহ বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী-সমর্থক।অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা অভিযোগ করেন, কংগ্রেস সরকারের আমলে এই জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন মিললেও বিজেপি সরকারের আমলে কাজ শুরু হওয়ার পর ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, “দিল্লি থেকে ত্রিপুরা পর্যন্ত শুধু কাটমানির খেলা চলেছে। সেই কারণেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই জাতীয় সড়কের বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়েছে।কয়েকদিন আগেই রাজ্যের এক মন্ত্রীর গাড়ি জাতীয় সড়কের খারাপ অবস্থার কারণে আটকে পড়েছিল। প্রতিদিন রাজ্যে প্রবেশ করা পণ্যবাহী যানবাহনগুলিকেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।” পথ অবরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল বলে খবর।

 

বিভাগ