নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উদয়পুর রেলস্টেশনে পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। রবিবার সকালে সাব্রুম থেকে কলকাতা কাঞ্চনজঙ্ঘাগামী ট্রেন উদয়পুর স্টেশনে পৌঁছালে নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছিল জিআরপি ও পুলিশ। সেই সময় এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।প্রথমে তিনি ব্যাগে কী রয়েছে সে বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারলেও, পরে তল্লাশিতে ব্যাগ থেকে প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার হয়। গাঁজা সহ আটক যুবকের নাম সাগর মিয়া (১৯)। তাঁর বাড়ি সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকায় বলে জানান আটক হওয়া যুবক।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা চেন্নাইয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া পরিকল্পনা ছিল। রেল পুলিশ থেকে খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানায়,গাঁজা উদ্ধারের খবর পেয়ে রাধা কিশোর পুর থানার ওসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা উপর।গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখছে পুলিশ। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।