খোয়াইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

Jul 26, 2026

খোয়াইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ খোয়াই উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ, কামিনীপাড়া এলাকার এক ব্যক্তি অসুস্থ ছেলের জন্য স্থানীয় মা কালী মেডিকেল হল থেকে ওষুধ কেনেন। ওষুধ সেবনের পর শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হলে ওষুধের গায়ে থাকা মেয়াদ পরীক্ষা করে দেখা যায়, সেটির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর মাসেই শেষ হয়েছে।এরপর ওই ব্যক্তি অভিযোগ নিয়ে দোকানে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ড্রাগস কন্ট্রোল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ড্রাগস কন্ট্রোল বিভাগের নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকির অভাবে অবৈধ ও অনিয়ন্ত্রিত ওষুধের দোকান গড়ে উঠছে। একই সঙ্গে ড্রাগ ইন্সপেক্টরের ভূমিকা ও নিয়মিত পরিদর্শন নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রায় আট মাস আগে মেয়াদোত্তীর্ণ হওয়া একটি ওষুধ কীভাবে এখনও বিক্রি হলো, তা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট ওষুধের দোকানে কি দীর্ঘদিন কোনো পরিদর্শন হয়নি? নাকি তদারকির ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি রয়েছে? ঘটনার নিরপেক্ষ তদন্ত করে তাপস কুমার দেব বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।