নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভোররাতের অন্ধকারে মোবাইল দোকানের তালা ভেঙ্গে একের পর এক বহুমূল্যবান মোবাইল ফোন চুরি। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া বাজার এলাকায়। ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—বাজারের নিরাপত্তা ব্যাবস্থা তাহলে কতটা কার্যকর?জানা গেছে, তেলিয়ামুড়া বাজারে অবস্থিত ভান্ডারী মোবাইলস্ নামের দোকানে ভোররাতের দিকে চোরের দল হানা দেয়। দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে একাধিক বহুমূল্যবান মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানের মালিক চিত্তরঞ্জন ভান্ডারী বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে পড়েন। তালা ভেঙ্গে দোকানের ভিতরে ঢুকে নির্বিঘ্নে চুরি করে পালিয়ে যাওয়ার ঘটনায় বাজারের নিরাপত্তা ব্যাবস্থা নিয়েই উঠছে বড়সড় প্রশ্ন। এত গুরুত্বপূর্ণ একটি বাজার এলাকায় রাতের অন্ধকারে যদি এভাবে দোকানের তালা ভেঙ্গে চোরেরা মালপত্র নিয়ে পালিয়ে যেতে পারে, তাহলে ব্যাবসায়ীদের নিরাপত্তা কোথায়—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঠিক কতগুলি মোবাইল ফোন খোয়া গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সূত্র এবং সম্ভাব্য সিসিটিভি ফুটেজও তদন্তের আওতায় আনা হচ্ছে বলে জানা গেছে।তবে প্রশ্ন একটাই—চোরেরা কি শুধুই রাতের অন্ধকারের সুযোগ নিয়েছে, নাকি বাজারের নিরাপত্তার ফাঁকফোকরও তাদের পথ আরও মসৃণ করে দিয়েছে? পুলিশি তদন্তেই এখন সেই উত্তর খোঁজা হচ্ছে।চুরির ঘটনায় দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে ব্যাবসায়ী মহলেও। এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া পুলিশের তদন্তে এই চুরির রহস্য কত দ্রুত উন্মোচিত হয় এবং বহু মূল্যবান মোবাইল গুলি উদ্ধার করা সম্ভব হয় কি না।