খোয়াইয়ে জেলা ভিত্তিক বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা

Aug 18, 2026

খোয়াইয়ে জেলা ভিত্তিক বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রসার ঘটানোর লক্ষ্যে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সহযোগিতায় মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা।    এদিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আলোচনা সভার আনুষ্ঠানিক সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা এবং বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মা এবং খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দেববর্মা।      আলোচনা সভায় বিজ্ঞান শিক্ষার গুরুত্ব, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ এবং ছাত্রছাত্রীদের মধ্যে যুক্তিবাদী ও অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ছাত্রছাত্রীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে বিজ্ঞানের জ্ঞান সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক অনুধাবনের ওপর গুরুত্বারোপ করেন।এদিনের জেলা ভিত্তিক বিজ্ঞান বিষয়ক আলোচনা সভায় খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও আগ্রহকে আরও উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।