নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলা শহরের নির্ধারিত সীমানা অতিক্রম করে প্রবেশ করা ইলেকট্রিক অটোর বিরুদ্ধে মঙ্গলবার অভিযান চালায় ট্রাফিক দপ্তর। উত্তর গেট সংলগ্ন এলাকায় ট্রাফিক ডিএসপি প্রণব দাসের নেতৃত্বে এই অভিযান চলে।ট্রাফিক দপ্তরের অভিযোগ, শহরের বাইরের অটোগুলোর জন্য নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া হলেও অনেক অটো তা অতিক্রম করে আগরতলা শহরে ঢুকে পড়ছে। এর ফলে যানজটের সমস্যা বাড়ছে। অভিযানে নিয়ম ভাঙা বেশ কয়েকটি অটো আটক করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএসপি প্রণব দাস জানান, নির্ধারিত সীমানা অতিক্রম করে শহরে প্রবেশ করা অটোর বিরুদ্ধেই মূলত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি রাস্তার উপর হঠাৎ অটো দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করার বিষয়েও ট্রাফিক দপ্তর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।