শহরে পূজোর সংখ্যা বৃদ্ধি পাবে,/ বাড়বে মায়ের গমনে অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যাও প্রশাসনের প্রস্তুতি বৈঠক শেষে জানালেন মেয়র

Oct 09, 2026

শহরে পূজোর সংখ্যা বৃদ্ধি পাবে,/ বাড়বে মায়ের গমনে অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যাও প্রশাসনের প্রস্তুতি বৈঠক শেষে জানালেন মেয়র

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    শারদ উৎসব এবং মায়ের গমন কার্নিভাল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যকে সামনে রেখে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে শুক্রবার এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পৌরনিগমের কমিশনার, এসপি ট্রাফিক ,এসপি পুলিশ ,তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ এএমসি'র সব কর্পোরেটর। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজোর দিনগুলিতে বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখার যাবতীয় উদ্যোগ নেবে বিদ্যুৎ দপ্তর ।তারপরেও ক্লাবগুলিকে বিকল্প ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়। প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান জানান মেয় র। তিনি জানান ,১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত পুজো চলবে ।২১ অক্টোবর দশমী। মায়ের গমন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। শুরু হবে মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে। মেয়র জানান ,গতবছর শহরে ৬ ৯৭ টি পুজো হয়েছিল। এ বছর পুজোর সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি গত বছর থেকে এ বছর কার্নিভালে অংশগ্রহণকারী ক্লাবগুলির সংখ্যাও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মেয়র। তিনি আরো জানান ,মায়ের গমন অনুষ্ঠানটিকে যানজট মুক্ত রাখার জন্য ট্রাফিক বিভাগ যাবতীয় উদ্যোগ গ্রহণ করবে। জরুরি অবস্থায় এম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড চলাচলের জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমা নিরঞ্জনের জন্য দশমি ঘাটে ব্যাপক বন্দোবস্ত করা থাকবে। মেয়র জানান ,গত বছর দশমী ঘাটে ৩৪২টি প্রতিমা নিরঞ্জন করা হয়। এ ছাড়াও শহরে আরো ১৬ টি নিরঞ্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা থাকবে বলে জানান মেয়র। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র জানান ,পূজোর সময় ডিজে ব্যবহার সম্পূর্ণ বন্ধ থাকবে ।এস পি পুলিশ বিষয়টি আশ্বস্ত করেছেন। ডিজে ব্যবহার এবং উশৃংখলতা করার কোন সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানান মেয়র দীপক মজুমদার।