নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামছে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি।যদিও সাম্প্রতিক ফর্মের কারণে এই ম্যাচে ফ্রান্সকেই ফেবারিট মনে করা হচ্ছে, তবুও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে মনে করেন, ব্রাজিলই ফুটবলের সবচেয়ে বড় শক্তি।এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, ‘যে দলের জার্সিতে পাঁচটি তারকা রয়েছে, তাদের বিরুদ্ধে কখনও আপনি ফেবারিট হতে পারেন না। ব্রাজিল ফুটবলের মহাশক্তি। আমাদের জন্য এটি নিজেদের সামর্থ্য দেখানোর এবং ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সুযোগ।’এই ম্যাচে এমবাপ্পে তার সাবেক সতীর্থ নেইমার জুনিয়রকে পাবেন না, কারণ কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে রাখেননি। তবে এমবাপ্পে বিশ্বাস করেন ২০২৬ বিশ্বকাপে নেইমারের থাকা অপরিহার্য।ব্রাজিলের খেলার ধরন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার মনে হয় ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমার—দুজনকেই দলের কেন্দ্র হিসেবে ধরা যেতে পারে। ভিনিকে এখন জাতীয় দলে আরও এগোতে হবে। কিন্তু নেইমার অসাধারণ একজন খেলোয়াড়। বিশ্বকাপ হচ্ছে তারকাদের মঞ্চ, এবং নেইমার সেরাদের একজন। আমি নেইমার ছাড়া বিশ্বকাপ কল্পনা করতে পারি না। তবে কোচ আনচেলত্তির সিদ্ধান্তকে আমি সম্মান করি।’ পিএসজিতে একসঙ্গে খেলার অভিজ্ঞতাও তুলে ধরে এমবাপ্পে বলেন, ‘নেইমার এমন একজন খেলোয়াড়, যে পার্থক্য তৈরি করতে পারে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি জানি, সে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে।’দুই কোচ দিদিয়ের দেশম ও কার্লো আনচেলত্তির তুলনা করে এমবাপ্পে বলেন, ‘দুজনের ফুটবল দর্শন সম্পূর্ণ ভিন্ন। আমি ভাগ্যবান, কারণ তাদের কাছ থেকে জয়ের দুটি ভিন্ন পথ শিখতে পারছি। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে।’