নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জ্বালানি তেলে অন্তঃশুল্ক কমিয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। শুক্রবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজিজু বলেন, "দেশবাসীর পক্ষ থেকে, এই কঠিন সময়ে এমন একটি বড় পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। এই পদক্ষেপটি নেওয়া সহজ ছিল না, তবুও তিনি দেখিয়েছেন, জনগণের স্বার্থে কীভাবে কাজ করতে হয়।"রিজিজু বলেন, "আজ সংসদ পুনরায় শুরু হওয়ায় আমাদের সাংসদরাও এই পদক্ষেপকে স্বাগত জানাবেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন, আতঙ্কিত হয়ে কেনাকাটা বা মজুতদারি করা যাবে না। সর্বদলীয় বৈঠকে এমনকি বিরোধী দলের সাংসদরাও একইভাবে সরকারের প্রশংসা করেছেন এবং সরকারের সিদ্ধান্তকে সমর্থন করার আশ্বাসও দিয়েছেন। গ্যাস ও জ্বালানির কোনও ঘাটতি যাতে না হয়, তা নিশ্চিত করতে যারা মজুতদারিতে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।"উল্লেখ্য, পেট্রোল ও ডিজেলের উপর লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই সিদ্ধান্তের পর পেট্রোলের উপর চাপানো শুল্ক ১৩ টাকা থেকে কমে দাঁড়াল ৩ টাকা। আর ডিজেলের ক্ষেত্রে শূন্যে নেমে এল।