নিউস ত্রিপুরা প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের ইরানকে সরাসরি অর্থ দেওয়ার খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানের জন্য শত শত বিলিয়ন ডলারের পুনর্গঠন ও বিনিয়োগ তহবিল নিয়ে চলমান আলোচনার মধ্যেই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র ইরানকে অর্থ দিচ্ছে—এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা।’তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে—এ খবর ভুয়া। এটি ডেমোক্র্যাটদের ছড়ানো অপপ্রচার।’ তবে ট্রাম্পের ‘৩০০ মিলিয়ন ডলার’ উল্লেখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ বিভিন্ন প্রতিবেদনে এবং মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে ইরানের জন্য সম্ভাব্য ‘৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন ও বিনিয়োগ তহবিলের’ কথা উঠে এসেছে।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছেন, সম্ভাব্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল মার্কিন করদাতাদের অর্থ থেকে আসবে না।তিনি এনবিসি নিউজকে বলেন, এই তহবিলের এক পয়সাও যুক্তরাষ্ট্র থেকে আসবে না।সিবিএস মর্নিংসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান কেবল কঠোর কিছু শর্ত পূরণ করলেই এ ধরনের বিনিয়োগের সুযোগ পেতে পারে। এসব শর্তের মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করা এবং আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেওয়া।তার ভাষায়, ‘ইরান যদি নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে তারা এ ধরনের বিনিয়োগের সুযোগ পেতে পারে। এই অর্থ উপসাগরীয় দেশগুলোর জোটের মাধ্যমে আসতে পারে।’