নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত সোমবার গভীর রাতে আগরতলার সি জে এম আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আদালত চত্বরের ভেতরের আটটি দোকান ঘর সহ আদালত চত্বরের বাইরের একটি ক্লাব ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান সংশ্লিষ্ট এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সদর শহর জেলা বিজেপি সভাপতি, ৮ টাউন বড়দোয়ালী মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। এদিন ক্ষতিগ্রস্ত দোকানঘরগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ।কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সাথে ।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান ,এই দোকান ঘরের উপর ভিত্তি করেই তাদের সংসার চলত। অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।ঘটনাস্হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ,আপাতত ভাবে জানা গেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নি কাণ্ডের সূত্রপাত। তবে প্রশাসনিক পর্যায়ের তদন্ত চলছে ।তিনি আরো জানান ,ক্ষতিগ্রস্ত পরিবার গুলির ক্ষয়ক্ষতির হিসেব করে সরকারি ভাবে সহযোগিতা প্রদান করা হবে। তিনি নিজেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করবেন। তবে এই ক্ষেত্রে প্রায় মাসখানেক সময় লাগতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী।আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মিষ্টির দোকান ,তিনটি টিফিনের দোকান ,একটি জেরক্সের দোকান ,একটি টাইপের দোকান ও একটি ভ্যারাইটিজ দোকান সম্পূর্ণরূপে বশীভূত হয়। বেসরকারি ভাবে জানা গেছে ,এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা হবে।