নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দুদিন আগেই একটি সরকারি অনুষ্ঠানে স্কুল স্তরে নেশার প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এই নিয়ে চিন্তিত রাজ্য প্রশাসন এবার স্কুল স্তর থেকে ছাত্র সমাজের মানসিক বিকাশ নিয়ে অভিযান সংঘটিত করতে চলেছে ।এই লক্ষ্যকে সামনে রেখেই বুধবার থেকে আগরতলার প্রজ্ঞা ভবনে রাজধানীর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে দুই দিনের এক কর্মশালা শুরু করেছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ।ইউনিটের পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে ।এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বাভিমান।এদিন প্রজ্ঞা ভবনে এই কর্মশালার উদ্বোধন করেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ।এই কর্মশালা প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরে জেলাশাসক জানান ,ড্রাগস, বাল্যবিবাহ ,ড্রপ আউট ইত্যাদি সমস্যা থেকে ছাত্র সমাজকে দূরে রাখতে প্রধান শিক্ষকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে ।এবার থেকে প্রশাসন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ নিয়ে যৌথভাবে কাজ করবে।এদিন জেলাশাসক আরো জানান ,ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে এই ধরনের কর্মশালা একান্ত গুরুত্বপূর্ণ ।তিনি বলেন, তথ্যে দেখা গেছে ,১৫ থেকে ২৫ বছরের কিশোর এবং যুবক যুবতীরাই নেশায় আচ্ছন্ন হচ্ছে ।তাই প্রতিরোধকে অস্ত্র করে ছাত্র-ছাত্রীদের নেশার করাল থাবা থেকে নিরাময়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।