নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "কার্গিল বিজয় দিবসে, ভারতের সুরক্ষায় অসামান্য সাহস ও নিষ্ঠা প্রদর্শনের জন্য আমাদের দেশ সাহসী সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের বীরত্ব চিরকাল দেশের গর্বের উৎস হয়ে থাকবে। তাঁদের অটল দেশপ্রেম ও কর্তব্যবোধ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।"উল্লেখ্য, কার্গিল বিজয় দিবস ভারতীয় সেনাবাহিনীর সাহস, বীরত্ব এবং আত্মসম্মানকে মহিমান্বিত করার একটি সুবর্ণ দিন। কার্গিল বিজয় উৎসব দেশের গর্ব এবং অভিমানের উৎসবও। কার্গিল বিজয় দিবস প্রতি বছর ২৬ জুলাই পালিত হয়। এটি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়-এর সফল সমাপ্তি স্মরণে উদযাপিত হয়।