শহরের নতুননগর কাঁঠালতলি এলাকায় ফিল্মি কায়দায় ছিনতাইয়ের ঘটনায় দু'জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতরা হলো রিকি সিং এবং অঙ্কুর চক্রবর্তী। এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, আলামিন নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই করা হয়েছিলো। এই অভিযোগ পেয়ে তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করা হয়। তাদের ব্যবহার করা একটি গাড়িও আটক করা হয়। - গাড়ির মধ্যে একাধিক নম্বর প্লেট পাওয়া গেছে। অথচ গাড়ির সামনে কোনও নম্বর প্লেট ছিলো না। পুলিশের ধারণা, বিভিন্ন নম্বর প্লেট লাগিয়ে ছিনতাইয়ের মতো অপরাধ করতেই চক্রটি কাজ করে। ধৃত দুই যুবককে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার রিমান্ড চেয়ে তাদের মোহনপুর আদালতে হাজির করা হবে। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সোনামুড়া থেকে বিমানযাত্রীদের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আলামিন। রাস্তার নির্জন স্থানে তাদের গাড়ি আটক করা হয়। অভিযুক্তরা দশ থেকে এগারোজনের মতো ছিল বলে অভিযোগ। গাড়ি চালক ও যাত্রীদের বেধড়ক মারধর করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। গাড়িচালক বিষয়টি এয়ারপোর্ট থানায় জানিয়েছিলো। চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে। আরও বাকিদের সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ।