অনুপ্রবেশ রোধে সরকারের গৃহীত ব্যবস্থা তিন মাসের মধ্যে জানাতে হবে- নির্দেশ দিল উচ্চ আদালত

Apr 03, 2026

অনুপ্রবেশ রোধে সরকারের গৃহীত ব্যবস্থা তিন মাসের মধ্যে জানাতে হবে- নির্দেশ দিল উচ্চ আদালত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশমতো অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে তা আগামী তিন মাসের মধ্যে জানাতে বললো উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা ও আরো দুজনের হাইকোটে দায়ের করা মামলার রায় দিতে গিয়ে বৃহস্পতিবার এই নির্দেশ দিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ।

 

এক বছরেরও কিছু বেশি সময় আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুপ্রবেশ রোধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার গুলিকে নির্দেশ পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশ অনুসারে  বিভিন্ন রাজ্য সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে ।  কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল ত্রিপুরা ।রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেছে তা জানতে তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা সরকারের বিভিন্ন অধিদপ্তরে মেমোরেন্ডাম দিয়ে জানতে চেয়েছিলেন। কিন্তু এর কোন উত্তর তিনি পাননি ।এর ফলে ক্ষুব্ধ হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ আরো দুজন বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন। এই মামলায় বিধায়ক রঞ্জিত দেববর্মা বাদেও অপর দুই পিটিশনাররা হলেন যথাক্রমে সাজরা দেববর্মা এবং অমরজিৎ দেববর্মা। বৃহস্পতিবার উচ্চ আদালতের মুখ্য বিচারপতি এম এস রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন ব্যাঞ্চে সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য উঠে ।মামলায় আবেদনকারীদের পক্ষে সাওয়াল জবাবে অংশগ্রহণ করেন আইনজীবী অ্যান্টনি দেববর্মা ও আরো দুজন আইনজীবী ।এদিন দীর্ঘ শুনানির পর উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর কে বিধায়কের দাখিল করা মেমোরেন্ডামের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছেন ।এদিন সংশ্লিষ্ট মামলায় আবেদনকারীদের পক্ষে আইনজীবী এন্টনি দেববর্মা এই সংবাদ জানান।

 

উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে এক প্রতিক্রিয়ায় বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান ,বিষয়টি নিয়ে সিভিল সোসাইটি সহ অন্যান্য সংগঠন অনেক আন্দোলন গড়ে তুলেছে। কিন্তু রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি ।তাই তারা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন ।আদালতের রায়ে তিনি খুশি ।আগামী তিন মাস তারা অপেক্ষায় থাকবেন ।তিন মাস বাদে কোন সন্তোষজনক উত্তর না পেলে তারা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা।

 

এই রায়ের পরিপ্রেক্ষিতে আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকার  কি উত্তর প্রদান করে সেটাই এখন দেখার বিষয়।

বিভাগ

সর্বশেষ খবর